ঢাকা, বুধবার   ১৬ সেপ্টেম্বর ২০২৬

মাউশির মাস্টার ট্রেইনার পদে আবেদনের সময় বাড়ল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬, ১৬ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যে মাস্টার ট্রেইনার পুল গঠনে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্ট’ থেকে সোমবার (১৪ সেপ্টেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন লেইস প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. আসাদুজ্জামান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে লেইস প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক পর্যায়ের ৫৩ হাজার ৭৬০ জন শিক্ষককে বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে ৪২ দিনব্যাপী পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ (পিডিটি) দেওয়া হবে।

এই প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে পরিচালনা করতেই সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের নিয়ে একটি বিষয়ভিত্তিক মাস্টার ট্রেইনার পুল গঠন করা হচ্ছে।

সরকারি কলেজ, সরকারি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শিক্ষা প্রশাসন, শিক্ষা অধিদপ্তর, শিক্ষা-সংক্রান্ত সরকারি দপ্তর ও প্রকল্প এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক ও কর্মকর্তারা এতে আবেদন করার সুযোগ পাবেন।

আবেদনকারীদের নিজ নিজ প্রতিষ্ঠান প্রধান বা কর্তৃপক্ষের অগ্রায়ণপত্র জমা দিতে হবে। অগ্রায়ণপত্রে প্রশিক্ষণে অংশ নেওয়ার অনুমতি এবং প্রশিক্ষণ শেষে নিজ কর্মস্থলে অন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার অনুমতির বিষয়টি স্পষ্ট থাকতে হবে।

পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনলাইনে আবেদনের শেষ সময় ছিল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)। তবে শিক্ষকদের সুবিধার্থে আবেদনের মেয়াদ ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলো।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক অনুমোদিত ‘প্রশিক্ষক নির্বাচন নীতিমালা’ অনুযায়ী পেশাগত যোগ্যতার ভিত্তিতে অনলাইন আবেদনকারীদের মধ্য থেকে মাস্টার ট্রেইনার পুল তৈরি করা হবে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।

আবেদনের ক্ষেত্রে প্রযুক্তিগত কোনো সহায়তার প্রয়োজন হলে ০১৭৪৬১৫০৭২০ নম্বরে যোগাযোগ করা যাবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি