একাদশে ভর্তির চূড়ান্ত ধাপের ফল প্রকাশ, ভর্তি শুরু রোববার
প্রকাশিত : ২০:৪৪, ১৯ সেপ্টেম্বর ২০২৬
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। এ ফলাফলে একজন শিক্ষার্থী চূড়ান্তভাবে কোন কলেজে ভর্তির জন্য মনোনীত বা নির্বাচিত হয়েছেন, তা জানা যাবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় একাদশ শ্রেণিতে ভর্তি-সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
শিক্ষার্থীরা একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd/) প্রবেশ করে প্রকাশিত ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি তাদের নিবন্ধিত মোবাইল ফোন নম্বরে ফল এসএমএস করে পাঠানো হবে।
এ ধাপে আবেদন করা ৮ লাখ ৬৭ হাজার ৮৫৫ শিক্ষার্থীর মধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপ মিলিয়ে ৮ লাখ ৫৩ হাজার ৪৪১ জনের কলেজে ভর্তি-নির্বাচন নিশ্চিত হয়েছে।
দ্বিতীয় ধাপে নতুন করে আসন বরাদ্দের পাশাপাশি আগের ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ৫৬ হাজার ৮০৪ জন মাইগ্রেশনের মাধ্যমে পছন্দের কলেজে যাওয়ার সুযোগ পেয়েছে।
চূড়ান্ত ফল প্রকাশের পর শিক্ষার্থীদের এখন সশরীরে কলেজে গিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, শনিবার রাতের ফলাফলে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে রোববার (২০ সেপ্টেম্বর)। এদিন থেকে শিক্ষার্থীরা মনোনীত হওয়া কলেজে গিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ভর্তি নিশ্চিত করতে পারবে।
এ ভর্তির প্রক্রিয়া চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরু হয়। আবেদনগ্রহণ শেষ হয় ১৩ সেপ্টেম্বর রাত ৮টায়। ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ দিতে পেরেছেন।
বোর্ডের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ধাপে মোট ৪৮ লাখ ৮৬ হাজার ২১৫টি আবেদন জমা পড়েছে। আবেদন করার পরও ১৪ হাজার ১৪ জন শিক্ষার্থী কোনো কলেজে নির্বাচিত হয়নি।
তাদের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২ হাজার ২০৫ জন শিক্ষার্থীও রয়েছে।
এএইচ
আরও পড়ুন










