দেশে পৌঁছেছে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ
প্রকাশিত : ১৯:১৭, ১৭ মে ২০২৬ | আপডেট: ২৩:৫০, ১৭ মে ২০২৬
লিভারজনিত জটিলতায় দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রোববার (১৭ মে) ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমানে বিনা খরচে তার মরদেহ ঢাকায় আনা হয়। বাদ মাগরিব রাজধানীর বনানী ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কারিনার বাবা কায়সার হামিদ জানান, সোমবার (১৮ মে) তার মরদেহ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার নানার বাড়িতে নেওয়া হবে। সেখানেই তাকে দাফন করা হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কারিনা কায়সারের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে জানানো হয়েছে, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম শেষ জানাজায় অংশ নেবেন। এ ছাড়া এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত।
উল্লেখ্য, লিভার সংক্রান্ত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ১১ মে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ভারতের চেন্নাই নেওয়া হয়। পরে ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে তার চিকিৎসা চলছিল। শুক্রবার গভীর রাতে সেখানেই তিনি মারা যান।
এর আগে রাজধানীর একটি হাসপাতালে এক সপ্তাহের বেশি সময় চিকিৎসাধীন ছিলেন কারিনা। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠানো হয়।
এমআর//










