ঢাকা, বৃহস্পতিবার   ১৩ আগস্ট ২০২৬

বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের নতুন কমিটি গঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২০, ২৬ জুন ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের জাতীয় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ কাউন্সিলে দেশের বিভিন্ন অঞ্চলের ৩৫টি মূকাভিনয় দলের প্রতিনিধি ও পর্যবেক্ষকরা অংশ নেন।

ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি সোলেমান মেহেদীর সভাপতিত্বে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কাউন্সিলের কার্যক্রম শুরু হয়। প্রথম পর্বে অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিরা নিজ নিজ দলের বার্ষিক কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।

কাউন্সিলের শুরুতে উপস্থিত প্রতিনিধি ও পর্যবেক্ষকদের নিবন্ধন সম্পন্ন করা হয় এবং তাদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত সাধারণ সভায় ফেডারেশনের গঠনতন্ত্র, সাংগঠনিক কার্যক্রম, অর্থ সম্পাদকের বার্ষিক আর্থিক প্রতিবেদন এবং সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পরে ভারপ্রাপ্ত সভাপতি বর্তমান কমিটির কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন। আলোচনা শেষে বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব জাহিদ রিপন, মূকাভিনয় শিল্পী ড. ইস্রাফিল আহমেদ রঙ্গন এবং ধীমান সাহা জুয়েলকে নিয়ে গঠিত নির্বাচন কমিশন দায়িত্ব পালন করে।

নির্বাচন কমিশন সর্বসম্মতিক্রমে ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সোলেমান মেহেদী, সহ-সভাপতি ধীমান সাহা জুয়েল, সাধারণ সম্পাদক খোরশেদ আলম রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শহিদুল মুরাদ, অর্থ সম্পাদক মুহাম্মদ ইকবাল জাভেদ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক শাহরিয়ার শাওন, অনুষ্ঠান সম্পাদক স্নিগ্ধা ফেরদাউস, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানজিম তাজোয়ার এবং দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ড. ইস্রাফিল আহমেদ রঙ্গন, ফজলে রাব্বি সুকর্ন এবং মাহবুব আলম।

কমিটি ঘোষণার পর নির্বাচন কমিশনার জাহিদ রিপন নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। পরে নবগঠিত কমিটির সদস্যরা ফটোসেশনে অংশ নেন।

সমাপনী বক্তব্যে নবনির্বাচিত সভাপতি সোলেমান মেহেদী দেশের মূকাভিনয় আন্দোলনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে কাউন্সিল সফলভাবে সম্পন্ন হওয়ায় তিনি প্রতিনিধি, পর্যবেক্ষক এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য, বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের পরিষদভুক্ত সংগঠনগুলোর মধ্যে রয়েছে স্বপ্ন দল, প্যান্টোমাইম মুভমেন্ট, সাইলেন্ট থিয়েটার, মুক্তমঞ্চ নির্বাক দল, উইথ তানজিম, নাট্য ভূমি, দ্য মামার্স, নাট্যতরী, মাইম ফেইস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাইম সোসাইটি, ব্রজমোহন থিয়েটার, রঙ্গন মাইম একাডেমি, ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন, শ্রুতি সাংস্কৃতিক একাডেমি, শাওন মাইম একাডেমি, মূকবলাকা, মিরর মাইম, গোল্লাছুট নাট্যদল, মাইম ট্রি, ড্রিম হোমস থিয়েটার, টিম নির্বাক, মূকাভিনয়মসহ দেশের বিভিন্ন অঞ্চলের মোট ৩৫টি মূকাভিনয় দল।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি