ঢাকা, মঙ্গলবার   ১১ আগস্ট ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি অভিনেতা ডন বিমানবন্দরে আটক

ইমন চৌধুরী, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৯, ৯ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি ও বাংলা চলচ্চিত্রের খলনায়ক হিসেবে পরিচিত অভিনেতা মো. আশরাফুল হক ডনকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। 

রোববার ভোরে বিদেশ যাওয়ার সময় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাকে শনাক্ত করে ইমিগ্রেশন পুলিশ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার ভোর ৪টা ৩৬ মিনিটের দিকে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরের বহির্গমন ৬ নম্বর গেট দিয়ে প্রবেশ করেন ডন। তার বিরুদ্ধে রমনা মডেল থানায় একটি হত্যা মামলা থাকার তথ্য গোয়েন্দা সংস্থার কাছে ছিল। বিমানবন্দরে তাকে শনাক্ত করার পর বিষয়টি ইমিগ্রেশন পুলিশকে জানানো হয়।

পরে ভোর ৫টা ৫ মিনিটের দিকে ইমিগ্রেশন কার্যক্রমের সময় তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপর তাকে বিমানবন্দরের ওসি প্রসিকিউশন কার্যালয়ে নেওয়া হয়।

সূত্র জানায়, সালমান শাহ হত্যা ঘটনায় রমনা মডেল থানায় দায়ের করা মামলায় ডনকে আসামি করা হয়েছে। মামলাটি ২০২৫ সালের ২১ অক্টোবর দায়ের করা হয়। মামলা নম্বর ১৮। দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলাটি করা হয়েছে।

রোববার সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে সৌদি আরবের রিয়াদ যাওয়ার কথা ছিল ডনের। তবে ইমিগ্রেশন পুলিশ তাকে ফ্লাইট থেকে অফলোড করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ডন বিমানবন্দরের ওসি প্রসিকিউশনের তত্ত্বাবধানে ছিলেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছিল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি