ঢাকা, শনিবার   ১৮ জুলাই ২০২৬

মার্কিন হামলায় ৮ ইরানি নিহত, পাল্টা হামলা আইআরজিসির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১১, ১৭ জুলাই ২০২৬ | আপডেট: ১৭:৪১, ১৭ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের অবকাঠামোতে যুক্তরাষ্ট্রের হামলায় আটজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, বৃহস্পতিবার রাতে দেশের কয়েকটি প্রদেশের কিছু অবকাঠামো যুক্তরাষ্ট্রের সামরিক হামলার লক্ষ্যবস্তু হয়েছে। সংস্থাটি আরও জানায়, দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে ছয়টি সেতুতে হামলা চালানো হয়েছে।

টানা ষষ্ঠ রাতের মতো ইরানের ওপর বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরানও উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ এবং অন্যান্য দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

ইরানের ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণ হরমোজগান প্রদেশে আক্রান্ত ছয়টি সেতুর মধ্যে রয়েছে–বন্দর আব্বাসকে খমীর ও লারার সঙ্গে সংযোগকারী গারিভেহ সেতু, লাতিদান গ্রামের কাছের একটি সেতু, কাহুরেস্তান-লার রুটে অবস্থিত দুটি সেতু, বন্দর-ই-খমীর, কেশার ও বন্দর আব্বাসকে সংযোগকারী নির্মাণাধীন একটি সেতু ও খমীর জেলার মারু গ্রামের একটি সেতু।

ইরানের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন হামলায় বন্দর আব্বাস ও এর আশপাশের গ্রামগুলোর বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে, তবে কিছু কিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহ সচল করার কাজ শুরু হয়েছে।

এদিকে শুক্রবার (১৭ জুলাই) সকালে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, সংঘাত শুরুর পর ১৩তম দফায় পাল্টা হামলা চালিয়েছে তারা।

কাতারে শুক্রবার ভোরে অন্তত একটি ক্ষেপণাস্ত্রসহ বেশ কিছু ইরানি প্রজেক্টাইল আঘাত হানে।  আইআরজিসি দাবি করেছে, তারা ওমানের ঘানিম অঞ্চলে একটি মার্কিন এয়ার কন্ট্রোল রাডার এবং হরমুজ প্রণালির জলসীমায় একটি মেরিটাইম কন্ট্রোল রাডার ধ্বংস করেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি