ঢাকা, বুধবার   ০২ সেপ্টেম্বর ২০২৬

আবারও এলএনজি সরবরাহ বাতিলের মেয়াদ বাড়ালো কাতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০২, ২ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক না হওয়ায় বাংলাদেশসহ আন্তর্জাতিক ক্রেতাদের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ‘ফোর্স মেজর’বা চুক্তিগত দায়মুক্তির মেয়াদ আরও কয়েক সপ্তাহ বাড়িয়েছে কাতারএনার্জি।

সম্প্রতি প্রকাশিত ব্লুমবার্গের এক প্রতিবেদনের বরাতে জানা যায়, এই সিদ্ধান্ত অনুযায়ী আগামী অক্টোবর পর্যন্ত বাংলাদেশে কাতার থেকে এলএনজি কার্গো বাতিলের ধারাবাহিকতা বজায় থাকবে।

পারস্য উপসাগরে বিকল্প রুট ব্যবহার করে অপরিশোধিত তেল পাঠানো সম্ভব হলেও এলএনজি পরিবহনে জাহাজ থেকে জাহাজে স্থানান্তর পদ্ধতি প্রয়োগ করা যায় না। ফলে হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্ববাজারের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশটির এলএনজি পরিবহন স্থবির হয়ে পড়েছে।

রয়টার্স ও তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান আইসিস এর হিসাব মতে, সংকট শুরু হওয়ার পর কাতারের এলএনজি রপ্তানি ৯৬ শতাংশ পর্যন্ত কমে গেছে। গত বছর এই সময়ে ৫০৯টি কার্গো পাঠানো হলেও এবার মাত্র ১৮টি কার্গো রপ্তানি করতে পেরেছে তারা। এর ফলে কাতারএনার্জির ক্ষতি দাঁড়িয়েছে প্রায় ২৪ বিলিয়ন ডলারে।

শুধু বাংলাদেশ বা পাকিস্তানই নয়, ইউরোপের ক্রেতারাও এই সংকটের মধ্যে পড়েছে। ইতালীয় জ্বালানি প্রতিষ্ঠান ‘এডিসন’ জানিয়েছে, তাদের ক্ষেত্রে ফোর্স মেজরের সময়সীমা আগামী নভেম্বরের শুরু পর্যন্ত বাড়ানো হয়েছে।

হরমুজ প্রণালির এই দীর্ঘস্থায়ী সংকটের কারণে কাতার থেকে জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল দেশগুলোতে আগামী দিনগুলোতে তীব্র সরবরাহ অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এমএইচ
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি