মেঘনা-গোমতী সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৬২ লাখ
প্রকাশিত : ১৫:৪৫, ২৭ মে ২০২৬
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। ব্যস্ততম এ মহাসড়কের মেঘনা ও গোমতী সেতুর টোলপ্লাজা দিয়ে গত ৪৮ ঘণ্টায় প্রায় ১ লাখ ১৪ হাজার যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে প্রায় ২ কোটি ৬২ লাখ টাকা।
বুধবার (২৭ মে) দুপুরে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদযাত্রার চাপ সামলাতে দুই সেতুর টোলপ্লাজায় ১২টি বুথ চালু রাখা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত লোকবল নিয়োজিত রয়েছে।
সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সূত্রে জানা গেছে, গত ২৫ মে মেঘনা ও গোমতী সেতু দিয়ে প্রায় ৫৮ হাজার যানবাহন পারাপার হয়, সেদিন টোল আদায় হয় ১ কোটি ৪৩ লাখ টাকা। পরদিন ২৬ মে ছোট যানবাহনের সংখ্যা বেশি থাকায় ৫৬ হাজার যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয় ১ কোটি ১৯ লাখ টাকা।
প্রশাসনের ধারণা, ঈদ সামনে রেখে মহাসড়কে যানবাহনের চাপ আরও বাড়তে পারে। তবে অতিরিক্ত বুথ চালু থাকায় টোলপ্লাজায় যানজট তুলনামূলক কম রয়েছে।
এমআর//
আরও পড়ুন










