ঢাকা, মঙ্গলবার   ২৮ জুলাই ২০২৬

তীব্র গ্যাস সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ হচ্ছে গাড়ির সারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৮, ২৭ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে বিঘ্ন ঘটায় রাজধানীর উত্তরা, বিমানবন্দর, মহাখালীসহ বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। ফলে চালু থাকা সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোর থেকেই গ্যাস নিতে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। 

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস না পাওয়ার অভিযোগ করেছেন চালকরা।

রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, গ্যাসের স্বল্পচাপের কারণে প্রতিটি গাড়িতে গ্যাস ভরতে আগের তুলনায় অনেক বেশি সময় লাগছে। এতে স্টেশনগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। 

তিন থেকে চার ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেক চালক পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না বলে অভিযোগ করেন। লাইনে আগে থাকার জায়গা নিয়ে চালকদের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনাও ঘটছে। 

দ্রুত সংকট নিরসনে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেছেন ভুক্তভোগীরা।

ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় স্বাভাবিক গতিতে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এ কারণে প্রতিটি গাড়িতে গ্যাস ভরতে সময় বেশি লাগছে। 

কোথাও সীমিত পরিমাণে গ্যাস সরবরাহ করা হচ্ছে, আবার কোথাও পর্যাপ্ত চাপ না থাকায় সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে বলে জানান তারা।

এদিকে গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাসের তথ্যমতে, মহেশখালীর একটি এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ কমে গেছে। এর সরাসরি প্রভাব পড়েছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের গ্যাসচাপে। টার্মিনালের কারিগরি ত্রুটি দ্রুত সমাধানে সংশ্লিষ্ট প্রকৌশলীরা কাজ করছেন। 
সমস্যা সমাধান হলে ধীরে ধীরে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে এবং সিএনজি ফিলিং স্টেশনগুলোর পরিস্থিতিও আগের অবস্থায় ফিরে আসবে বলে আশা করছে সংস্থাটি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি