জাতীয় মৎস্য পদক পেলেন ঢাবি অধ্যাপক ড. মো. ছগীর আহমেদ
প্রকাশিত : ১২:৩৮, ১৭ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:০৮, ১৭ আগস্ট ২০২৬
মৎস্যসম্পদ গবেষণায় অসামান্য অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. ছগীর আহমেদ ‘জাতীয় মৎস্য পদক-২০২৬ (স্বর্ণপদক)’ লাভ করেছেন। মৎস্যসম্পদ গবেষক ও বিজ্ঞানী ক্যাটাগরিতে তিনি এই পদক লাভ করেন।
রোববার কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত জাতীয় মৎস্যপক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর হাতে এই পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পদক লাভের পর আজ সোমবার (১৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন অধ্যাপক ড. মো. ছগীর আহমেদ।
এসময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. মো. ছগীর আহমেদকে আন্তরিক অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, তাঁর এই অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার অত্যন্ত গর্বিত। পরিবেশ সংরক্ষণ ও মৎস্য খাতের উন্নয়নে ভবিষ্যতেও তিনি গবেষণা কার্যক্রম অব্যাহত রাখবেন এবং বিশ্ববিদ্যালয় তথা দেশের জন্য সুনাম বয়ে আনবেন বলে উপাচার্য আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. মো. ছগীর আহমেদ বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক হিসাবে প্রেষণে দায়িত্ব পালন করছেন।
‘রূপালি মৎস্য, স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে এবছর মৎস্য পক্ষ পালিত হচ্ছে।
এএইচ
আরও পড়ুন










