প্রাথমিক বিদ্যালয় ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে: ববি হাজ্জাজ
প্রকাশিত : ১৫:৪৭, ২৬ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:৪৮, ২৬ আগস্ট ২০২৬
দেশের কোনো শিশুই যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। গ্রাম থেকে নগর—কোনো শিশুই যেন স্কুলের বাইরে না থাকে, সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হলে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম সম্পর্কে ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মানউন্নয়নের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, “প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য হচ্ছে দেশের কোনো এলাকাতেই যেন কোনো শিশু স্কুলবিহীন না থাকে। গ্রাম থেকে শুরু করে প্রত্যন্ত ও প্রান্তিক অঞ্চলের প্রতিটি শিশুকে শিক্ষার আওতায় আনতে সরকার নিরলসভাবে কাজ করছে। এই লক্ষ্য বাস্তবায়নে যেভাবে কাজ করা দরকার, আমরা সেভাবেই পদক্ষেপ নেব।”
বিশেষ করে প্রান্তিক পর্যায়ের শিশুদের বিদ্যালয়ে ধরে রাখা এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, “সুযোগের অভাবে দেশের কোনো শিশু যেন পিছিয়ে না পড়ে। প্রান্তিক পর্যায়ের শিশুরাও যেন মানসম্মত শিক্ষা গ্রহণ করে আগামীতে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তা নিশ্চিত করা হবে।”
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) নিষ্ক্রিয়তার সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, “বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিগুলো কার্যকরভাবে কাজ করছে না। কমিটি গঠনের সময় কিংবা বিদ্যালয়ে সরকারি বরাদ্দ এলে তাদের সক্রিয়তা দেখা গেলেও, অন্য সময়ে তাদের ভূমিকা চোখে পড়ে না।” এই সমস্যা সমাধানে স্থানীয় এলাকাবাসীকে সম্পৃক্ত করে স্কুলের বন্ধু হিসেবে একটি অনানুষ্ঠানিক রেজিস্টার তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস এই মতবিনিময় সভার আয়োজন করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন:নূরুল ইসলাম বুলবুল, সংসদ সদস্য, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন।মো. হারুনুর রশীদ, প্রশাসক, জেলা পরিষদ।আবু ছালেহ মো. মুসা জঙ্গী, জেলা প্রশাসক। মো. সাইফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।সভায় জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরাও উপস্থিত থেকে প্রাথমিক শিক্ষার মানউন্নয়নে তাদের মতামত তুলে ধরেন।
এমএইচ
আরও পড়ুন










