টানা পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা, হতে পারে ভারী বর্ষণ
প্রকাশিত : ২২:৩৬, ২৮ আগস্ট ২০২৬
দেশের বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টির প্রবণতা থাকতে পারে। বিশেষ করে শনিবার ও রোববার বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। এ সময় দমকা হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির আশঙ্কাও রয়েছে। বৃষ্টির কারণে কিছু এলাকায় তাপমাত্রা সামান্য কমে আসতে পারে।
শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে এর অবস্থান মাঝারি পর্যায়ে রয়েছে।
শুক্রবার সন্ধ্যা থেকে রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু এলাকায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কোথাও কোথাও অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
এদিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা থাকলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। শনিবার দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
রোববার (৩০ আগস্ট) রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকাতেও বৃষ্টি হতে পারে।
এদিন অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির কারণে রোববার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার (৩১ আগস্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কিছু এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি এবং মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিনও দেশের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি হতে পারে। রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
তবে মঙ্গলবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পূর্বাভাস অনুযায়ী, পাঁচ দিনের পরও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
এমএইচ
আরও পড়ুন










