কীটনাশক পানে ৩ সন্তানের মৃত্যু, পিতা হাসপাতালে ভর্তি
প্রকাশিত : ১৬:৩৪, ১৯ সেপ্টেম্বর ২০২৬
সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানসহ কীটনাশক পান করেছেন এক পিতা। এতে তিন অবুঝ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মুমূর্ষ অবস্থায় শিশুদের বাবাকে উদ্ধার করে উন্নত চিকিসৎসার জন্য সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আজ শনিবার ভোররাতে উপজেলার বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামে এ ঘটনাটি ঘটে। এ হৃদয় বিদাড়ক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন- সরাফত আলীর মেয়ে মাওয়া আক্তার, ছেলে শামিম মিয়া ও তামিম মিয়া।
পুলিশ জানায়, শুক্রবার রাতে সরফত আলী তার তিন সন্তানকে নিয়ে ঘুমাতে যান। পরে গভীর রাতে তিন সন্তানসহ কীটনাশক পান করার পর ময়মনসিংহে থাকা তার ফুফুকে মোবাইল ফোনে বিষয়টি জানান। বিষয়টি জানতে পেরে তার ফুফু বাড়িতে থাকা পরিবারের লোকজনকে খবর দেন।
খবর পেয়ে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙ্গে চারজনকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন। তাদের পিতার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ জানান, সরাফত আলীর স্ত্রী প্রবাসে যাওয়া এবং তাদের বিভিন্ন বিষয়াদি নিয়ে পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে ঘটনার সঠিক রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
এএইচ
আরও পড়ুন










