ঢাকা, বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬

গোলাম মোর্শেদের কথায় তরুণ মুন্সীর কণ্ঠে লাকী আখান্দের গান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৭, ১৬ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

সময়টা ১৯৯৮ সাল। দেশীয় সংগীত জগতের অন্যতম কিংবদন্তি লাকী আখান্দ তখন প্রায় নিয়মিতই সন্ধ্যার পর গানের আড্ডায় মেতে উঠতেন ধানমন্ডির অফিসে। অফিসটি ছিল দেশের আরেক প্রথিতযশা ও গুণী গীতিকার গোলাম মোর্শেদের। 

সেখানেই কোন এক সন্ধ্যায় তারই জন্য লেখা গোলাম মোর্শেদের একটি গান সুর করেছিলেন এই কিংবদন্তি।  কিন্তু নানা কারণে আর গানটি তার গাওয়া হয়ে হয়ে উঠেনি।  ৩৪ বছর আগে লেখা ও সুর করা 'যার কাছে মন রেখে' সেই গানটিই এবার মুক্ত হলো জনপ্রিয় শিল্পী তরুণ মুন্সীর কণ্ঠে।  

গানটি নিয়ে গোলাম মোর্শেদ বললেন,'আমার জীবনের একটা বড় অংশ জুড়ে আছেন লাকী ভাই। শুধু তাকে ভেবেই অনেক গান আমার লেখা হয়েছে।  'যার কাছে মন রেখে' গানটি দেখার পর লাকী ভাই নিজেই সুর করেছিলেন সেসময়।  কিন্তু তার আর গাওয়া হয়ে উঠেনি।  তিনি চলে যাবার পর আমিও গানটি এভাবেই রেখে দিয়েছিলাম। তবে গানটি নিয়ে ভাবনা আমার মধ্যে ছিল সবসময়ই। একটা সময় এসে মনে হলো গানটি যদি প্রকাশ করতেই হয় লাকী ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তবে তরুণ মুন্সীর চাইতে ভালো কেউ গাইতে পারবে না এটি।  আমার সেই বিশ্বাস তরুণ রেখেছে। অসাধারণ গেয়েছে সে গানটি ।  শ্রোতারাও গানটি শোনার পর আমার সাথে একমত হবেন প্রত্যাশা করছি।'

গানটির গায়ক তরুণ মুন্সী বললেন,'এ এক অন্যরকম অনুভূতি।  লাকী ভাইয়ের জন্য লেখা গান আমি কখনো গাইবো তা স্বপ্নেও ভাবিনি। আমাকে গোলাম মোর্শেদ ভাই যখন গানটির কথা বললেন আমি এক অদ্ভুত ভালো লাগায় ডুবে গিয়েছিলাম। ছোটবেলা থেকে যার গান শুনে বড় হয়েছি , যাকে অনুসরণ করেছি মিউজিকের জন্য তারই গান গেয়েছি -এটা আসলে বলে বোঝানো সম্ভব না। আমি বর্তমান সময়কে মাথায় রেখে লাকী ভাইয়ের কম্পোজিশন ঠিক রেখে নিজের মতো করে গেয়েছি গানটি। শ্রোতারা গানটি শুনবেন,তাদের মতামত জানাবেন -সেই অপেক্ষায় রইলাম।'

প্রযোজনা প্রতিষ্ঠান গান জানালা'র ইউটিউব চ্যানেলে অবমুক্ত হওয়া গানটির মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রুমকী রুসা ও মাশরুর হোসাইন ।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি