ঢাকা, মঙ্গলবার   ০৯ জুন ২০২৬

নতুন তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয় অনুমোদনের অপেক্ষায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৫, ১৩ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বর্তমানে সারাদেশে ৩৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে আরও তিনটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়। এ নিয়ে এই তিনটি বিশ্ববিদ্যালয় অনুমোদন পেলে মোট বিশ্ববিদ্যালয় হবে ৪১টি। নতুন তিনটি বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে- বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ থেকে এ তথ্য পাওয়া গেছে।

সম্প্রতি আন্তঃমন্ত্রণালয়ের সভায় খসড়া আইনটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে মন্ত্রিপরিষদ সভায় উপস্থাপন করা হবে প্রস্তাবিত খসড়া আইনটি। মন্ত্রিপরিষদ থেকে অনুমোদন পেলে আইন মন্ত্রণালয় ও ব্যয় সংক্রান্ত বিষয়ের জন্য অর্থ মন্ত্রণালয় পাঠানো হবে। নিয়ম অনুযায়ী আইন ও অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন হলে আইনটির চূড়ান্ত পাসের জন্য জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।

বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল হাসান চৌধুরী জানান, দীর্ঘদিনের দাবি ছিল এই তিনটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের। সেটিকে আমলে নিয়ে প্রধানমন্ত্রী নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। তার প্রেক্ষিত আমরা তিনটি বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ শুরু করেছি। নিয়ম অনুযায়ী প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করি, দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করতে পারবো। এ জানা গেছে, তিনটি বিশ্ববিদ্যালয়ই সংশ্লিষ্ট শহরগুলোতেই স্থাপন করা হবে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি