ঢাকা, মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬

নবাবগঞ্জে নদীতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৫৭, ১৪ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বেড়াতে এসে ইছামতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার বকস্নগর ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের নওমোজাহিদ ক্লাবের বিপরীত পাশের ইছামতি  নদী থেকে ওই কলেজছাত্রের লাশ উদ্ধার করে স্থানীয়রা।

নিহত ফাহিম (১৯) রাজধানীর নটরডেম কলেজে উচ্চ মাধ্যমিকের ২য় বর্ষের ছাত্র। যাত্রাবাড়ীর রায়েরবাগে পরিবারের সঙ্গে থাকতো সে।

ওই ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য সামসুন্নাহার জানান, চক দিঘীরপাড়ের গ্রামের সুমনের বাড়িতে শুক্রবার ওয়াজ মাহফিল ছিল। এ উপলক্ষ্যে সুমনের ছেলের সঙ্গে ওর কয়েকজন বন্ধু ঢাকা থেকে ওদের বাড়িতে গত বুধবার বেড়াতে এসেছিল। এরমধ্যে ফাহিমও ছিল।

রোববার বিকেল ৩টার দিকে ফাহিমসহ অন্তত নয়জন ইছামতি নদীতে শখের বসে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে ফাহিম জোয়ারের পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হলে তার সঙ্গীদের আত্মচিৎকারে আশাপাশের স্থানীয়রা এগিয়ে এসে খোঁজাখুজি শুরু করে এবং থানা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। 

সংবাদ পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। বিকেল সাড়ে ৫টার দিকে ফাহিমের লাশ উদ্ধার করতে সক্ষম হয় স্থানীয়রা। 

নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি