পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর: উপদেষ্টা হুমায়ুন কবির
প্রকাশিত : ১২:০৬, ২০ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:৪৬, ২০ আগস্ট ২০২৬
ভারত সফর ও দ্বিপক্ষীয় সম্পর্ক তাড়াহুড়ো নয়; পারস্পরিক আস্থা, মর্যাদা, পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং সুনির্দিষ্ট কূটনৈতিক ঐকমত্যের ভিত্তিতে পরিবেশ তৈরি হলেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হতে পারে বলেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
গত ১৭ আগস্ট রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবনে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস’কে দেওয়া একান্ত বিশেষ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হুমায়ুন কবির এসব কথা বলেন।
তিনি জানান, আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আগে সফর হওয়ার সম্ভাবনা ক্ষীণ হলেও, পরিবেশ উপযোগী হলে অংশগ্রহণ নিয়ে ঢাকা ইতিবাচক মনোভাব পোষণ করবে।
উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বাস্তবতায় প্রতিবেশী দেশকে বর্তমান দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানানো হয়েছে। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাসহ অন্যদের ভারতে রাজনৈতিক ও মিডিয়া স্পেস দেওয়া এবং বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে কূটনৈতিক প্রতিবাদ জানানো হয়েছে।
‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি: জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখা হচ্ছে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে গ্রীষ্মকাল শেষে প্রধানমন্ত্রীর রিয়াদ সফর চূড়ান্ত হতে যাচ্ছে। অন্যদিকে, পাকিস্তানের সাথে বাণিজ্য ও দ্বিপক্ষীয় যোগাযোগ জোরদার করা হচ্ছে।
উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বোয়িং বিমান ও সয়াবিন আমদানি এবং ইইউ’র সাথে নতুন চুক্তি সংক্রান্ত আলোচনা এগোচ্ছে। অন্যদিকে, চীনের সাথে ‘টু প্লাস টু’ মেকানিজম এবং সরাসরি বিনিয়োগ (FDI) আকর্ষণে কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়া হচ্ছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্সি নির্বাচনে আফ্রিকান ব্লকের বিপুল সমর্থন পেয়েছে বাংলাদেশ। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের উদ্যোগ জোরদার করা হবে।
তিনি বলেন, খুব শিগগিরই বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার বাজার পুনরায় উন্মুক্ত হবে। আফ্রিকায় কন্ট্রাক্ট ফার্মিং ও বাংলাদেশি পণ্যের নতুন বাজার তৈরির লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল শিগগিরই আফ্রিকা সফর করবে।
আরও পড়ুন










