বাংলাদেশের কাছে হারের পর বড় জরিমানার শঙ্কায় অস্ট্রেলিয়া দল
প্রকাশিত : ১৩:৩৬, ১৭ আগস্ট ২০২৬
বাংলাদেশের কাছে ডারউইন টেস্টে ৯ উইকেটের শোচনীয় পরাজয়ের পর এবার মাঠের বাইরে শাস্তির শঙ্কায় পড়েছে অস্ট্রেলিয়া দল। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ওভার শেষ করতে না পারায় অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের খেলোয়াড়দের বড় অঙ্কের আর্থিক জরিমানা করার কথা বিবেচনা করছে আইসিসি।
রোববার ডারউইনে টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের কাছে হারে প্যাট কামিন্সের দল।
এই ম্যাচের দ্বিতীয় দিনে নির্ধারিত ৯০ ওভারের চেয়ে ৪ ওভার কম বোলিং করেছে অস্ট্রেলিয়া। আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতি ঘণ্টায় ১৫ ওভার এবং এক দিনের খেলায় অন্তত ৯০ ওভার শেষ করার লক্ষ্য থাকে।
‘নিউজ কর্প অস্ট্রেলিয়া’র ওয়েবসাইট নিউজ ডট কম এইউ জানিয়েছে, অস্ট্রেলিয়া টেস্ট দলের প্রত্যেক খেলোয়াড়কে ৪ হাজার অস্ট্রেলিয়ান ডলার করে জরিমানা গুনতে হতে পারে।
আইসিসির নিয়ম অনুযায়ী, টেস্টে প্রতি ঘণ্টায় ১৫ ওভার করে বল করতে হয়। সে হিসাবে সারা দিনে অন্তত ৯০ ওভার খেলতে হয়। নিয়ম ভঙ্গের কারণে সর্বনিম্ন ৯০ ওভারের কোটা থেকে প্রতি ওভার কম হওয়ার জন্য ম্যাচ ফির ৫ শতাংশ কেটে নেওয়ার ক্ষমতা রয়েছে ক্রিকেটের এ নিয়ন্ত্রক সংস্থার।
টেস্টে অস্ট্রেলিয়ার প্রত্যেক খেলোয়াড় ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১৭ লাখ ৩৯ হাজার টাকা) পারিশ্রমিক পান। এর ৫ শতাংশ হলো ১ হাজার ডলার (প্রায় ৮৭ হাজার টাকা)। যেহেতু অস্ট্রেলিয়া দল চার ওভার কম বোলিং করেছে, তাই জরিমানার পরিমাণ দাঁড়াতে পারে ৪ হাজার ডলার (প্রায় ৩ লাখ ৪৭ হাজার টাকা) পর্যন্ত।
সব মিলিয়ে জরিমানার অঙ্কটা হতে পারে মোট ৪৪ হাজার অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৩৮ লাখ ২৭ হাজার টাকা)।
পাশাপাশি স্লো ওভার রেটের কারণে তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট থেকে চার পয়েন্ট কেটে নেয়া হতে পারে। অস্ট্রেলিয়া বর্তমানে ৮৪ পয়েন্ট ও ৭৭.৭৮ শতাংশ জয়ের হার নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৩৬ এবং জয়ের হার ৭৫ শতাংশ।
তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে ম্যাচ রেফারি পরিস্থিতি বিবেচনা করবেন। ডারউইনের তীব্র গরম ও আর্দ্রতা, উইকেট পড়ার সংখ্যা এবং অন্যান্য পরিস্থিতিও বিবেচনায় নেয়া হতে পারে। তাই আপাতত শাস্তি নিশ্চিত নয়।
এএইচ










