ঢাকা, রবিবার   ০৪ অক্টোবর ২০২৬

মধ্যরাতে দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১০, ৪ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

গভীর রাতে স্বল্প সময়ের ব্যবধানে পরপর তিনটি ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের বিভিন্ন অঞ্চল। ভারতের ত্রিপুরা ও মিজোরাম রাজ্য এবং মিয়ানমারে উদ্ভূত এসব ভূকম্পনের প্রভাব পড়ে বাংলাদেশের কয়েকটি এলাকায়।

এতে শনিবার রাতে সারা দেশে সৃষ্টি হয় তীব্র আতঙ্ক। মূলত রাত সোয়া ১২টা থেকে শুরু করে দেড়টার মধ্যে এই তিনটি ধাক্কা অনুভূত হয় বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা (ইএমএসসি)।

ইএমএসসির তথ্য অনুযায়ী শনিবার রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার বাংলাদেশ সীমান্ত এলাকায় একটি ভূমিকম্প সংঘটিত হয়। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯। কক্সবাজার টেকনাফ সীমান্তবর্তী এলাকা হওয়ায় এতে আশপাশের এলাকা কেঁপে উঠার খবর পাওয়া গেছে। এমনকি চট্টগ্রামেও ভূমিকম্প অনুভূত হয়।

মিয়ানমারের ভূমিকম্পের ঠিক এক মিনিট পর বাংলাদেশ ভারত সীমান্তে মিজোরামের লুংলেই এলাকায় রিখটার স্কেলের ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়। এতে করে দেশের চট্টগ্রাম ,কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়।

এরপর রাত ১টা ২৭ মিনিটে ত্রিপুরার আগরতলায় রিখটার স্কেলে ৩ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়। এতেও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূকম্পন অনুভূত হয়।

পরপর তিনটি মৃদু ও মাঝারি মাত্রার ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া না গেলেও দেশের উপকূলীয় ও সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে রাতভর সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি