রাষ্ট্রপতি নির্বাচন: মঙ্গলবার ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসি’র সাক্ষাৎ
প্রকাশিত : ১৫:৫৮, ২৭ জুলাই ২০২৬ | আপডেট: ১৬:০১, ২৭ জুলাই ২০২৬
ফাইল ছবি
রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন (ইসি)’র একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে যাচ্ছে।
আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় সংসদে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে
আজ সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদে স্পিকারের সঙ্গে কমিশনের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে রোববার সিইসির কার্যালয়ে সব নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিব অনির্ধারিত বৈঠক করেন। সেখানে রাষ্ট্রপতি নির্বাচনের আইন নিয়ে পর্যালোচনা করা হয়। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় তফসিল ঘোষণার পরবর্তী কার্যক্রম ঠিক করতে স্পিকারের সঙ্গে বৈঠক করা হবে।
এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও দায়িত্ব পালন করেন তিন বছর তিন মাস।
এএইচ
আরও পড়ুন










