শাকিবকে ঘিরে ‘ব্যাড টাচ’ বিতর্কে মুখ খুললেন জ্যোতির্ময়ী
প্রকাশিত : ১৯:৪৩, ৪ এপ্রিল ২০২৬
‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে শাকিব খানকে ঘিরে ছড়িয়ে পড়া ‘ব্যাড টাচ’ বিতর্ক নিয়ে এবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। তিনি অভিযোগগুলোকে ভিত্তিহীন ও অতিরঞ্জিত বলে দাবি করেছেন।
অভিনেত্রী বলেন, ‘এই বিষয়টা খুব বাজেভাবে ছড়ানো হচ্ছে। ওইখানে প্রচণ্ড ভিড় ছিল, আমরা ঠিকমতো দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। তখন মিডিয়া থেকে বলা হয়, শাকিব খানের সঙ্গে ছবি তুলতে। সেই মুহূর্তে তিনি আমাদের গার্ড করেছিলেন।’
জ্যোতির্ময়ী কুণ্ডু আরও বলেন, ‘ঘটনাটিকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে, তা বাস্তবতার সঙ্গে মেলে না। মিডিয়ার সামনে বিষয়টি অতিরঞ্জিত করা হচ্ছে, সেটা খুবই হতাশাজনক।’
বিতর্ক প্রসঙ্গে প্রশ্নে জ্যোতির্ময়ী বলেন, ‘কেউ যদি ইচ্ছাকৃতভাবে কিছু করতেই চাইত, তাহলে কি সে তিন শটা ক্যামেরার সামনে সেটা করত? আমার মনে হয়, বিষয়টি বাড়িয়ে বলা হচ্ছে।’
নায়কের আচরণে তিনি অস্বস্তি বোধ করেছিলেন কি-না? এ বিষয়ে জ্যোতির্ময়ী স্পষ্টভাবে বলেন, ‘অস্বস্তির তো প্রশ্নই আসে না। এত ভিড় ছিল যে দাঁড়ানোও কঠিন ছিল। কো-আর্টিস্ট হিসেবে একজন আরেকজনকে প্রটেক্ট করাটাই স্বাভাবিক।’
‘ব্যাড টাচ’ প্রসঙ্গে তিনি বলেন, ‘তিন শটা ক্যামেরার সামনে কেউ আমাকে ব্যাড টাচ করবে, আর আমি তা সহ্য করব? এটা কখনোই সম্ভব নয়। নরমাল বিষয়কে যারা বাজেভাবে ছড়াচ্ছে, সেটাও যদি সুস্থ মানুষ দেখেন, তারা বুঝতে পারবেন কী ধরনের টাচ হয়েছিল।’
জ্যোতির্ময়ী আরও বলেন, ‘আমি কি বাচ্চা? যদি আমাকে ব্যাড টাচ করা হতো, আমি কি প্রতিবাদ করতাম না? একটা নরমাল বিষয়কে বড় করে দেখানো হচ্ছে, যা সত্যিই ঘটেনি- এটা দুঃখজনক।’
এমআর//










