ঢাকা, সোমবার   ৩১ আগস্ট ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২০, ৩১ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:১০, ৩১ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

শিগগিরই ধাপে ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

সোমবার নির্বাচন ভবনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

চূড়ান্ত ভোটার তালিকায় ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। শুধুমাত্র এই ভোটাররাই আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন বলে জানান ইসি সচিব।

ইসি সচিব বলেন, ৩১ জুলাই পর্যন্ত যে ভোটার নিবন্ধন হয়েছে, তা নিয়েই আমরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। চূড়ান্তভাবে যে ভোটার লিস্ট করা হয়েছে, সেই অনুযায়ী আমাদের বর্তমান ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

তিনি বলেন, গত ১৪ মে আমি প্রাথমিকভাবে যে হিসাব দিয়েছিলাম, তা থেকে ভোটার সংখ্যা বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন। আমাদের এই মুহূর্তে ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

আখতার আহমেদ বলেন, পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩২  লাখ ৬৫ হাজার ৭১১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন। এই ভোটার নিয়েই আমরা স্থানীয় সরকার নির্বাচনে যাবো।

স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের সময়সূচি সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার কথা বলেছেন। আমি সেই অনুযায়ী কাজ করছি। নির্বাচনের সিডিউলটা জানতে পারার সাথে সাথে আমি আপনাদের জানিয়ে দেব।

তিনি জানান, ভোটকেন্দ্রের সংখ্যা নির্ভর করছে কোন স্তরের ভোটটা হবে সেটার ওপর। এখনও সেটা ঠিক হয়নি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি