ঢাকা, রবিবার   ২৬ এপ্রিল ২০২৬

১২ মে শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫১, ২৬ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

বিশ্ব চলচ্চিত্রের মহোৎসব ‘কান চলচ্চিত্র উৎসব’-এর ৭৯তম আসরের পর্দা উঠছে আগামী ১২ মে। জমকালো এই আয়োজন চলবে ২৩ মে পর্যন্ত। সম্প্রতি ফ্রান্সের প্যারিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এবারের আসরের আনুষ্ঠানিক লাইনআপ ঘোষণা করা হয়েছে। 

এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছেন ২১ জন বিশ্বখ্যাত নির্মাতা। উৎসবের সর্বোচ্চ সম্মাননা ‘পাম দ্যর’ জয়ের দৌড়ে এবার লড়াই হবে সমানে সমান। এই তালিকায় রয়েছেন আসগর ফারহাদি, পেদ্রো আলমোদোভার, হিরোকাজু কোরে-এডা এবং পাওয়েল পাওলিকোভস্কির মতো খ্যাতিমান নির্মাতারা। 

একমাত্র মার্কিন নির্মাতা হিসেবে প্রতিযোগিতা বিভাগে থাকছেন ইরা স্যাক্স, যাঁর সিনেমা ‘দ্য ম্যান আই লাভ’ ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে ফরাসি নির্মাতা পিয়ের সালভাদোরির রোমান্টিক ঘরানার সিনেমা ‘দ্য ইলেকট্রিক কিস’।

এছাড়া বিশেষ প্রদর্শনীতে থাকছে অভিনেতা জন ট্রাভোল্টা পরিচালিত প্রথম সিনেমা। প্রতিযোগিতার অন্যান্য উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘ফিয়র্ড’, ‘ফাদারল্যান্ড’ এবং ‘শিপ ইন দ্য বক্স’।

এবারের কান উৎসবের জুরি বোর্ডের সভাপতির গুরুদায়িত্ব পালন করবেন দক্ষিণ কোরীয় নির্মাতা পার্ক চ্যান-উক। এবারের আসরে আজীবন অবদানের জন্য সম্মানসূচক ‘পাম দ্যর’ প্রদান করা হবে কিংবদন্তি নির্মাতা পিটার জ্যাকসন এবং জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী বারব্রা স্ট্রাইস্যান্ডকে। 

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি