ঢাকা, শুক্রবার   ১৮ সেপ্টেম্বর ২০২৬

৫৫ মিলিসেকেন্ডেই স্পিড ম্যাজিক! গ্রামীণফোনের অবিশ্বাস্য গতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৪, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:৪৫, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

জনপ্রিয় অনলাইন কনটেন্ট ব্যবহারকারীদের কাছে আরও দ্রুত পৌঁছে দিতে ‘এক বাংলাদেশ এক ইন্টারনেট’ উদ্যোগ চালু করেছে গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির দাবি, স্থানীয়ভাবে তথ্য সংরক্ষণ প্রযুক্তি ব্যবহারের ফলে তাদের নেটওয়ার্কে ভিডিওর প্রথম তথ্য ৫৫ মিলিসেকেন্ডের মধ্যে লোড হওয়া শুরু করতে পারে।

গ্রামীণফোনের ভাষ্য, বহুল ব্যবহৃত ভিডিওসহ বিভিন্ন অনলাইন কনটেন্ট ব্যবহারকারীদের কাছাকাছি সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে প্রতিবার দূরের আন্তর্জাতিক সার্ভার থেকে তথ্য সংগ্রহ করতে হয় না। এতে তথ্যের যাত্রাপথ কমে যাওয়ায় ভিডিও দ্রুত চালু হওয়ার সুযোগ তৈরি হয়।

প্রতিষ্ঠানটি বলছে, ভিডিও দেখা এখন মানুষের দৈনন্দিন ইন্টারনেট ব্যবহারের গুরুত্বপূর্ণ অংশ। এ কারণে সরাসরি ভিডিও সম্প্রচার চালু করা, ভিডিওর নির্দিষ্ট অংশে এগিয়ে যাওয়া কিংবা পরবর্তী পর্ব চালুর সময় দ্রুত সাড়া দিতে নেটওয়ার্ক সক্ষমতা বাড়ানো হচ্ছে।

গ্রামীণফোনের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের নেটওয়ার্কে প্রতিদিন প্রায় ৩ লাখ ৫২ হাজার ঘণ্টা ভিডিও দেখা হয়। এই পরিমাণ ভিডিও একটানা দেখলে সময় দাঁড়ায় প্রায় ৪০ বছর।

‘এক বাংলাদেশ এক ইন্টারনেট’ উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে একই ধরনের শক্তিশালী ইন্টারনেট অভিজ্ঞতা তৈরির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছে গ্রামীণফোন। এ জন্য স্থানীয়ভাবে তথ্য সংরক্ষণ ব্যবস্থার পাশাপাশি নেটওয়ার্ক সক্ষমতা বাড়াতেও বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটি।

গ্রামীণফোনের তথ্য অনুযায়ী, সারা দেশে তাদের ২৪ হাজারের বেশি টাওয়ার রয়েছে। নেটওয়ার্কে ৭০০ মেগাহার্টজ ও ২ হাজার ৬০০ মেগাহার্টজ তরঙ্গও ব্যবহার করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির দাবি, নেটওয়ার্ক অবকাঠামো, তরঙ্গ ও স্থানীয়ভাবে তথ্য সংরক্ষণ প্রযুক্তির সমন্বয়ে ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় কনটেন্ট আরও দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি