ঢাকা, বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬

নতুন কাঠামোয় যাত্রা শুরু করছে বাংলাদেশ ইকুয়েস্ট্রিয়ান অ্যাসোসিয়েশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৬, ১ এপ্রিল ২০২৬ | আপডেট: ২২:২৮, ১ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

নতুন কাঠামো ও পরিকল্পনা নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ইকুয়েস্ট্রিয়ান অ্যাসোসিয়েশন, যা দেশের অশ্বারোহী ক্রীড়া খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ২০০৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি দীর্ঘদিন বিভিন্ন কারণে নিষ্ক্রিয় থাকার পর পুনর্গঠিত হয়েছে।

বাংলাদেশে অশ্বারোহী ক্রীড়া দীর্ঘদিন অবহেলিত থাকলেও বর্তমানে এর জনপ্রিয়তা বাড়ছে। এ প্রেক্ষাপটে সংগঠনটি দেশব্যাপী ঘোড়ায় চড়া ও অশ্বারোহী ক্রীড়া সংস্কৃতি ছড়িয়ে দেওয়া এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার লক্ষ্যে কাজ করবে।

এ লক্ষ্যে গত ২৯ মার্চ সংগঠনের সভাপতি লে. কর্নেল খন্দকার ফরিদুল আকবর (অব.)-এর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এ সময় কার্যনির্বাহী পরিষদের সদস্যরা জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে দেশকে অনন্য উচ্চতায় তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংগঠনের সভাপতি লে. কর্নেল খন্দকার ফরিদুল আকবর (অব.) গত দুই দশকেরও বেশি সময় ধরে দেশে এ ক্রীড়ার বিকাশে কাজ করে আসছেন। তার অভিজ্ঞতা ও নেতৃত্বে এই উদ্যোগ দেশের ক্রীড়া খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

সংগঠনটি প্রশিক্ষণ, প্রতিযোগিতা আয়োজন, আন্তর্জাতিক অংশগ্রহণ এবং তরুণ প্রজন্মকে উৎসাহিত করার মাধ্যমে একটি শক্তিশালী অশ্বারোহী সম্প্রদায় গড়ে তুলতে কাজ করবে।

বাংলাদেশ ইকুয়েস্ট্রিয়ান অ্যাসোসিয়েশন এ উদ্যোগ বাস্তবায়নে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেছে, যাতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে আরও গর্বের সঙ্গে উপস্থাপন করা যায়।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি