ঢাকা, সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬

স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো ৩৮৪৭ টাকা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৬:১১, ৬ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এক দিন আগে দাম বাড়ানোর পর ভরিতে ৩ হাজার ৮৪৭ টাকা কমানো হয়েছে।  ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৫০৭ টাকা।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। 

সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দামের বিষয়টি জানানো হয়।

বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার অলংকারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৩৫ হাজার ১৪৭ টাকা। এছাড়া ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৯ হাজার ২৫৫ টাকা, ১৮ ক্যারেটের ১৬ হাজার ৫৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৩ হাজার ৫০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। 

তবে অলংকারের নকশা অনুযায়ী এর সঙ্গে মজুরি যোগ হবে।

একইসঙ্গে রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ৪৪০ টাকা, ২১ ক্যারেটের ৪২৫ টাকা, ১৮ ক্যারেটের ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এই নতুন দাম কার্যকর থাকবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি