ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬

গাইবান্ধায় ৮ ঘোড়া জবাই, মাংস পাচারকালে জনতার হাতে আটক ৬

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৬, ১২ জুন ২০২৬

Ekushey Television Ltd.

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের মোংলা বন্দরে ৮টি ঘোড়া জবাই করে মাংস পাচারের চেষ্টার অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোংলা বন্দরের খাইরুলের চাতালে আনিসুর ডাক্তার নামে এক ব্যক্তির নেতৃত্বে কয়েকটি ঘোড়া জবাই করে মাংস পাচারের প্রস্তুতি চলছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে স্থানীয় জনতা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করে রাখে। 

পরে খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোট ৮টি ঘোড়া জবাই করা হয়েছিল। এসব মাংস বিভিন্ন স্থানে পাচারের প্রস্তুতি চলছিল বলে স্থানীয়দের সন্দেহ।

ঘটনার খবর পেয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু করেন।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজউজ্জীন খন্দকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং ৬ জনকে আটক করা হয়েছে বলে জানান। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি