ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস, যুবককে থানায় সোপর্দ

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২২, ১২ জুন ২০২৬ | আপডেট: ১৯:৪১, ১২ জুন ২০২৬

Ekushey Television Ltd.

গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে এস এম মিজানুর রহমান (২৪) নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার (১২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১১ জুন) রাতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে আটক করে সুন্দরগঞ্জ থানার পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত যুবক মিজানুর রহমান উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ বলেও পরিচিত।

জানা যায়, মিজানুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে আপত্তিকর একটি স্ট্যাটাস দেন। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর শাড়ি পরা ছবি ব্যবহার করে ‘আন্টি ক্ষমতায় আসতে না আসতে ব্যাংক খেয়ে ফেলতেছে’ শীর্ষক ক্যাপশন দেওয়া হয়। 

পরে পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিষয়ে ছাপড়হাটী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোখলেছুর রহমান মুকুল বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ায় তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।’

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ওই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। অভিযুক্ত যুবক থানা হেফাজতে আছে। অভিযোগের বিষয়টি তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি