খুলনায় মসজিদে নামাজরত ২ মুসল্লিকে গুলি, অবস্থা আশঙ্কাজনক
প্রকাশিত : ১০:৫৬, ১৪ জুন ২০২৬
খুলনা মহানগরীর দৌলতপুর এলাকায় ফজরের নামাজ আদায়ের সময় মসজিদের ভেতরে ঢুকে দুই মুসল্লিকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে দু'জনেই গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপরজন খুলনায় মেডিকেলে চিকিৎসাধীন।
আজ রোববার (১৪ জুন) ভোরে দৌলতপুর থানাধীন ৬নং ওয়ার্ডের বিএল কলেজ রোডস্থ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) বিদ্যুৎ জামে মসজিদের ভেতরে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন— খুলনা মহানগরীর খালিশপুর থানার ৭ নম্বর ওয়ার্ড উত্তর কাশিপুর এলাকার (ফরহাদ সাহেবের বাড়ির পাশে) মৃত জব্বারের ছেলে লোকমান হাকিম (৫৫) এবং একই এলাকার যমুনা রোডের মৃত আব্দুল খালেকের ছেলে আলম শেখ (৫৬)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে ওজোপাডিকো বিদ্যুৎ জামে মসজিদে অন্যান্য মুসল্লিদের সঙ্গে লোকমান হাকিম ও আলম শেখ ফজরের নামাজ আদায় করছিলেন। নামাজ চলাকালীন আকস্মিক কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত মসজিদের ভেতরে প্রবেশ করে। তারা সরাসরি ওই দুই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় তারা মসজিদের মেঝেতেই লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গোলাগুলির শব্দ শুনে স্থানীয়রা ও অন্য মুসল্লিরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে লোকমান হাকিমের অবস্থার মারাত্মক অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন।
অন্যদিকে, গুলিবিদ্ধ অপর মুসল্লি আলম শেখ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এদিকে, মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় এমন বর্বরোচিত হামলার ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ ও মুসল্লিদের মাঝে চরম আতঙ্ক ও তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পবিত্র উপাসনালয়ের ভেতরে এই ধরনের পরিকল্পিত হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঠিক কারণ এবং হামলাকারীদের পরিচয় উদঘাটনে জোর তৎপরতা শুরু হয়েছে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এএইচ
আরও পড়ুন










