ঢাকা, রবিবার   ১৪ জুন ২০২৬

ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, ছেলে আহত

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৯, ১৪ জুন ২০২৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামের আনোয়ারায় নিজ ঘর মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ৫ বছরের এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেনামতি বড়ুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

ধারণা করা হচ্ছে, কেউ তাদের ঘরে ঢুকে কুপিয়ে জখম করে ফেলে যায়।  

নিহতরা হলেন—ওই এলাকার সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। আহত পিয়াস বড়ুয়া (৫) নিহত এনি বড়ুয়ার ছেলে।

ঘটনার বিষয়ে প্রতিবেশী সুরভী বড়ুয়া (৪০) বলেন, চিৎকার শুনে আমরা বের হয়ে দেখি ঘরের দরজায় এনি বড়ুয়া এবং তার ছেলের রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া রক্তাক্ত অবস্থায় পড়েছিল ঘরের ভেতর। পরে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে তারা মারা যান। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়।

নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া পেশায় একজন নিরাপত্তাকর্মী। তিনি চট্টগ্রামের খাতুনগঞ্জ এলাকায় আবাসিক এলাকায় দায়িত্ব পালন করেন।
  
এ বিষয়ে সুজন বড়ুয়া বলেন, আমি শহরে ছিলাম। রাতে আমার বড় ভাইয়ের ফোন পেয়ে বাড়ি এসে দেখি আমার সব শেষ হয়ে গেছে। 

তিনি বলেন, প্রতিবেশী লিমন বড়ুয়া তেজপ্রিয়র সঙ্গে আমার আর্থিক লেনদেন ছিল, হয়তো সে রাতে আমার স্ত্রীর কাছে এসংক্রান্ত কাগজপত্রের সন্ধানে এসে আমার স্ত্রী-কন্যাকে হত্যা করেছে। মৃত্যুর আগে এনি বড়ুয়া লিমন বড়ুয়া তেজপ্রিয়র নাম বলে গেছেন বলে জানান সুজন বড়ুয়া।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

এএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি