ঢাকা, রবিবার   ১৪ জুন ২০২৬

ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১২, ১৪ জুন ২০২৬

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলায় ডিএনডি লেকে ডুবে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৩ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের বার্মা স্ট্যান্ড সংলগ্ন নাভানা সিটির সামনের লেকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানী এলাকার দেলোয়ার হোসেনের পুত্র মো. রাশেদুজ্জামান (২২), নড়াইলের কালিয়া থানার রঘুনাথপুর এলাকার আকরাম হোসেনের পুত্র গালিব (১৮) ও কন্যা সুরাইয়া (১২)। নিহত গালিব ও সুরাইয়া সম্পর্কে রাশেদুজ্জামানের শ্যালক-শ্যালিকা। 

তারা সবাই সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাশেদুজ্জামান গ্রামের বাড়ি থেকে চাকরির সন্ধানে কয়েক দিন আগে নারায়ণগঞ্জে এসেছিলেন। তিনি তার শ্বশুরবাড়িতেই অবস্থান করছিলেন।

শনিবার বিকেলে রাশেদুজ্জামান তার শ্বশুর আকরাম হোসেনসহ পরিবারের চারজন সদস্য ওই লেকে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে আকরাম হোসেন তীরে উঠে এলেও বাকি তিনজন লেকের পানির গভীরে তলিয়ে যান। দীর্ঘক্ষণ তাদের কোনো সন্ধান না পেয়ে স্থানীয়রা আদমজী ফায়ার সার্ভিসকে খবর দেন। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যদের দেড় ঘণ্টার চেষ্টায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, খবর পাওয়ার পরপরই আমরা ডুবুরি দল নিয়ে উদ্ধার অভিযান চালাই। এক ঘণ্টার চেষ্টায় প্রথমে রাশেদুজ্জামান ও গালিবকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এর পরে সুরাইয়াকেও মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, নিহতরা একই পরিবারের সদস্য। লেকে গোসলে নেমে তিনজন নিখোঁজ হওয়ার পর তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি