‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলে চাঁদা দাবি করা ছাত্রদল নেতা বহিষ্কার
প্রকাশিত : ২২:২৪, ১৬ জুন ২০২৬ | আপডেট: ২২:২৯, ১৬ জুন ২০২৬
‘এখানে স্বয়ং তারেক রহমান আইলেও কাম হইব না, প্রাইম মিনিস্টার আইলেও কাজ হইব না’—চাঁদা দাবি করে এমন কথা বলার ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গাজীপুর মহানগর ছাত্রদলের এক ওয়ার্ড সভাপতিকে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ করে মুক্তিপণ আদায় এবং দীর্ঘদিন ধরে শ্রমিকনেতার কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
ঘটনার সূত্রপাত হয় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফোনালাপকে কেন্দ্র করে । অডিওতে শোনা যায়, রাতুল শিকদার এক ব্যক্তির কাছে জোরপূর্বক চাঁদা দাবি করছেন এবং টাকা না দিলে হুমকি দিচ্ছেন। অডিওতে তাকে দম্ভোক্তি করে বলতে শোনা যায়, ‘এখানে স্বয়ং তারেক রহমান আইলেও কাম হইব না, প্রাইম মিনিস্টার আইলেও কাজ হইব না’। তার এই মন্তব্যটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
বাংলাদেশ পোশাকশ্রমিক ট্রেডিং ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম মঙ্গলবার সকালে টঙ্গী পশ্চিম থানায় রাতুল শিকদারসহ ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে শ্রমিক ফেডারেশনের কার্যালয়ে চাঁদা দাবি করে আসছিলেন এবং টাকা না পেয়ে কয়েক মাস আগে মাজহারুল ইসলামকে অপহরণ করে ৬৫ হাজার টাকা মুক্তিপণ আদায় করেন।
অভিযোগের বিষয়ে রাতুল শিকদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং সত্যতা পাওয়া গেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমআর//
আরও পড়ুন










