ঢাকা, বুধবার   ২৯ জুলাই ২০২৬

এনসিপি-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৮, ২৯ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির অঙ্গসংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

বুধবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। 

আদেশে বলা হয়, একই সময় ও একই স্থানে দুই পক্ষের কর্মসূচিকে ঘিরে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ও সংঘর্ষের আশঙ্কায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

এমন পরিস্থিতিতে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়। আদেশ অনুযায়ী, হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, জনসভা, মাইকিং, মিছিল, স্লোগান, পিকেটিং, যেকোনো যন্ত্রের মাধ্যমে বিকট শব্দ সৃষ্টি এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে—এ ধরনের সব কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার বিকালে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ও নেতা-কর্মীদের মারধর করা হয়। হামলার জন্য ক্ষমতাসীন বিএনপিকে দায়ী করেছে এনসিপি। সন্ধ্যায় শহরে এনসিপি প্রতিবাদ মিছিল বের করলে আরেক দফা সংঘর্ষ হয়। 

এ ঘটনার প্রতিবাদে আজ বুধবার হবিগঞ্জসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় এনসিপি। পরে হবিগঞ্জ বিএনপি ও ছাত্রদলের পক্ষ থেকে পাল্টা প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেওয়া হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি