লালমনিরহাটে ৬ বছরের শিশু ধর্ষণ, প্রতিবেশী দাদা গ্রেপ্তার
প্রকাশিত : ০৯:৩২, ২০ আগস্ট ২০২৬
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ৬বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মজিব উদ্দিন সেলিম (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার জোংড়া ইউনিয়নের আলাউদ্দিনগরের ইসলাম নগর এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত মজিব উদ্দিন সেলিম (৪২) পাটগ্রামের মমিনপুর দাখিল মাদ্রাসার নৈশ প্রহরী এবং মৃত আজিজুল হকের ছেলে। সম্পর্কে তিনি ওই শিশুর প্রতিবেশী দাদা হন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে মোবাইল দেখানোর লোভ দেখিয়ে শিশুটিকে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত মজিব উদ্দিন। শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে ঘটনার খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযানে নামে। পুলিশের একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলা থেকে পালিয়ে থাকা অবস্থায় অভিযুক্তকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, শিশুটিকে হাসপাতালে ভর্তির খবর পাওয়ার পরপরই পুলিশি তদন্ত শুরু হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিকে হাতীবান্ধা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন










