ঢাকা, শনিবার   ২২ আগস্ট ২০২৬

দিনাজপুরে সাড়ে ৩৮ কোটি টাকার সাপের বিষ উদ্ধার, গ্রেপ্তার ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৬, ২২ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

দিনাজপুরের চিরিরবন্দরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে প্রায় ৩৮ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৮০০ টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) রাত ৮টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজিবি জানিয়েছে, গত ১৩ আগস্ট দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি), বিজিবি দিনাজপুর ক্যাম্প, র‌্যাব-১৩ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানিক দল চিরিরবন্দর উপজেলার আমবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় চারজনকে গ্রেফতার করা হয়।

অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে তিনটি কাচের জারে আনুমানিক ৫ কেজি ৭০০ গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়। এছাড়া একটি প্রাইভেটকার, দুটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন ও ছয়টি সিমকার্ড জব্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, চিরিরবন্দর উপজেলার দামুর গ্রামের মো. জাহাঙ্গীর আলম (৪৩), দিনাজপুর শহরের ছোট গুড়গোলা মহল্লার মো. সালাউদ্দিন সান্জু (৪১), ফুলবাড়ী উপজেলার খেতদিঘী গ্রামের মো. আনিছুর রহমান (৫৫) এবং বিরামপুর উপজেলার কুন্দনহাট গ্রামের উজ্জল আলী (৫৪)।

বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য বলে জানিয়েছে। তারা এর আগে বিভিন্ন সময়ে পার্শ্ববর্তী দেশে সাপের বিষ পাচার করেছে বলেও তথ্য দিয়েছে। উদ্ধার করা বিষও বিদেশে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল বলে জানায় বিজিবি।

বিজিবি আরও জানায়, উদ্ধার করা সাপের বিষ, যানবাহন ও অন্যান্য মালামালের মোট সিজার মূল্য ৩৮ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৮০০ টাকা।

গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের করে দিনাজপুরের চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাদেরকে কোর্টে চালান দিলে বিচারক তাদেরকে জেলহাজতে পাঠান।

পরে আদালতের নির্দেশনা অনুযায়ী গত ১৯ আগস্ট হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে উদ্ধার করা নমুনার রাসায়নিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় নমুনাটি সাপের বিষ হিসেবে শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এমএইচ
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি