ঢাকা, মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৪৪ হাজার টাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৫, ৩১ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছে। এতে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। 

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।

আজ সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাজুস।

নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। ২১ ক্যারেটের এক ভরিতে ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণে ২ হাজার ৬৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম ২ লাখ ২১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

স্বর্ণের দাম বাড়ানোর পাশাপাশি রুপার দামও বাড়ানো রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭১৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯২ টাকা বাড়িয়ে ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৩৪ টাকা বাড়িয়ে ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৮ মার্চ দুই দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় ৬ হাজার ৫৯০ টাকা। অবশ্য তার আগে টানা সাত দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয় ৩৫ হাজার ৫৭৫ টাকা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি