ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জুলাই ২০২৬

রপ্তানিকারকদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৩, ২২ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

উচ্চ আমদানি নির্ভর পণ্য রপ্তানিকারকদের জন্য এক্সপোর্টার্স রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবে বৈদেশিক মুদ্রা সংরক্ষণের সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এসব রপ্তানিকারক দেশে প্রত্যাবাসিত এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্যের ১৫ শতাংশ পর্যন্ত বৈদেশিক মুদ্রা ইআরকিউ হিসাবে সংরক্ষণ করতে পারবেন। 

২০২৫ সালের ৩১ জুলাইয়ে জারি করা সার্কুলারে এটি ছিল ৭ দশমিক ৫ শতাংশ।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি-১) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারটি দেশের সব অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের (অথরাইজড ডিলার) প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ২০২৫ সালের ৩১ জুলাই জারি করা বৈদেশিক মুদ্রা সার্কুলার নং-৩১-এর অনুচ্ছেদ ৭৬(১)-এর সংশোধন অনুযায়ী উচ্চ আমদানি-নির্ভর পণ্য রপ্তানিকারকদের জন্য এ সুবিধা কার্যকর করা হয়েছে। তবে ইআরকিউ হিসাব পরিচালনা সংক্রান্ত বৈদেশিক মুদ্রা সার্কুলার নং-৩১-এর অনুচ্ছেদ ৭৬-এর অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে সব অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংককে সংশ্লিষ্ট গ্রাহকদের বিষয়টি দ্রুত অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এএইচ
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি