স্বর্ণের দাম ভরিতে কমল ৪৩৭৪ টাকা
প্রকাশিত : ১২:২৩, ২ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম কমানো হয়েছে ৪ হাজার ৩৭৪ টাকা। এতে এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এ দাম কমানো হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বুধবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ৪ হাজার ১৯৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ৯৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।
এর আগে গত ২৯ আগস্ট ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম কমানো হয় ৭ হাজার ১১৫ টাকা। এরপর ৩১ আগস্ট এক ভরি স্বর্ণের গহনার দাম কমানো হয় আরও ৪ হাজার ৩৭৪ টাকা। সব মিলিয়ে তিন দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম কমল ১৫ হাজার ৮৬৩ টাকা।
এমএইচ
আরও পড়ুন










