ঢাকা, বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬

ইবি শিক্ষককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৮, ৪ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের এক শিক্ষককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক কর্মচারীর বিরুদ্ধে। পরে ফজলু নামের ওই কর্মচারী নিজেও গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।

বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে অবস্থিত সমাজকল্যাণ বিভাগে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই অফিস কক্ষে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে আঘাত করেন ফজলুর রহমান। পরে তিনি নিজ গলায় ছুরি চালান।

খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসমা সাদিয়া রুনা মারা যান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত ফজলুর রহমানের অবস্থাও সংকটাপন্ন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি আসমা সাদিয়া রুনা সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পর তিনি কর্মচারী ফজলুর রহমানকে ওই বিভাগ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বদলি করেন। দীর্ঘদিন সমাজকল্যাণ বিভাগে কর্মরত থাকায় এ বদলিকে কেন্দ্র করে ক্ষোভের জেরে এ হামলা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। ক্যাম্পাসে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইআইইআর ডিপার্টমেন্টের পরিচালক ড. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি