ঢাকা, মঙ্গলবার   ১১ আগস্ট ২০২৬

হাবিপ্রবিতে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় সাময়িক বহিস্কার ৩১ শিক্ষার্থী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৩, ২২ মে ২০২৬

Ekushey Television Ltd.

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ডের ২৭তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিস্কারের আদেশে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শহীদ আবরার ফাহাদ হল থেকে শতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে শহীদ নূর হোসেন হলে গিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা নামাজ ঘরসহ হলের বিভিন্ন আসবাবপত্র, সিসি ক্যামেরা ও অন্যান্য সম্পত্তি ভাঙচুর করে। পাশাপাশি সহকারী প্রক্টরসহ কয়েকজন শিক্ষার্থীর ওপর হামলা চালিয়ে আহত করা হয়। ভিডিও ফুটেজ ও অন্যান্য সাক্ষ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ৩১ শিক্ষার্থীকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ছাত্র শৃঙ্খলা অধ্যাদেশের ১৪ ও ১৫ ধারা অনুযায়ী, আইনশৃঙ্খলা ভঙ্গ, অনৈতিক কর্মকাণ্ড ও সরকারি সম্পত্তি ক্ষতির অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কারের আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পূর্ব বিরোধের জেরে শহীদ নুর হোসেন হলের শিক্ষার্থী আল ফিমানকে বিশ্ববিদ্যালয়ের স্কুল মাঠে খেলা দেখার সময় মারধর করে শহীদ আবরার ফাহাদ হলের শিক্ষার্থীরা। ঘটনাটি জান‌তে পে‌রে নুর হোসেন হলের ক‌য়েকজন শিক্ষার্থী টিএসসি থেকে আবরার ফাহাদ হলের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ক‌রে। এরপর লাঠিসোঁটা নিয়ে আবরার ফাহাদ হলের শিক্ষার্থীরা নুর হোসেন হলে হামলা চালায়। তারা নুর হোসেন হলের জানালার কাচ, ক্যারাম বোর্ড ও এক‌টি মোটরসাই‌কেল ভাঙচুর ক‌রে। 

প‌রে বেলা তিনটায় বিশ্ববিদ্যালয় প্রধান ফট‌কের সাম‌নে অবস্থান নি‌য়ে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে নুর হোসেন হলের শিক্ষার্থীরা। এতে সড়‌কের উভয় পা‌শে শতাধিক গা‌ড়ি আটকা প‌ড়ে এবং তীব্র যানজ‌ট সৃ‌ষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার রাতেই আবাসন ও শৃঙ্খলা বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাথমিক তদন্তের ভিত্তিতে ৩১ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমআর// 


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি