ঢাকা, শনিবার   ১৫ আগস্ট ২০২৬

যুক্তরাজ্যের উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী নাইজেল ফারাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৫, ১৪ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

যুক্তরাজ্যের ক্ল্যাকটনে অনুষ্ঠিত উপনির্বাচনে জয়ী হয়েছেন কট্টর ডানপন্থী নেতা নাইজেল ফারাজ। প্রত্যাশা অনুযায়ী প্রতিদ্বন্ধী প্রার্থী কাউন্ট বিনফেসকে বড় ব্যবধানে হারিয়েছেন তিনি।

নির্বাচনের ফল অনুযায়ী, ফারাজ পেয়েছেন ২২ হাজার ২৩৯ ভোট। দ্বিতীয় অবস্থানে থাকা কাউন্ট বিনফেস পেয়েছেন ৯ হাজার ৪৫৫ ভোট। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ভোট গণনা শেষ হওয়ার আগেই শুক্রবার সমর্থকদের সামনে ফারাজ নিজেকে বিজয়ী ঘোষণা করেছিলেন। তবে ফলাফল ঘোষণার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না।

ফারাজের জয় অনেকটাই প্রত্যাশিত ছিল। ওই নির্বাচনী এলাকায় তিনি আগে থেকেই এমপি ছিলেন। এছাড়া দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর কেউই এবার সেখানে প্রার্থী দেয়নি।

ফারাজ ও কাউন্ট বিনফেস—দুজনই বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী এবং প্রান্তিক বা কম প্রভাবশালী রাজনৈতিক দলের প্রার্থীদের পেছনে ফেলেছেন।

ক্ল্যাকটন লেজার সেন্টারে ভোট গণনা করা হয়। ফল ঘোষণার সময় মঞ্চে থাকা প্রার্থীদের একে অপরকে অভিনন্দন ও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। তাদের অনেকেই ১০০টিরও কম ভোট পেয়েছেন।

বৃহস্পতিবারের নির্বাচনে ৪৪ শতাংশ ভোট পড়েছে। ২০২৪ সালের সাধারণ নির্বাচনে এ আসনে ভোটার উপস্থিতি ছিল ৫৯ শতাংশ। তবে উপনির্বাচনের ক্ষেত্রে এবারের ভোটার উপস্থিতি অস্বাভাবিক নয়।

ভোটের ফল শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টার কিছু পর ঘোষণা করা হয়। এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন, ব্যালট পেপার দীর্ঘ হওয়ায় ভোট গণনায় স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগতে পারে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি