ঢাকা, রবিবার   ১৬ আগস্ট ২০২৬

হরমুজ নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের পর, ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৭, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:৫৮, ১৬ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

ইরানকে যুদ্ধে পরাজিত করার পর আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন ট্রাম্প। এমন মন্তব্যের পর হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল বিষয়ে ইরান-ওমানের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই শনিবার এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

ইরানি সংবাদমাধ্যম দেফা প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাঘায়েই বলেছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল রুট নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তি হয়েছে। যুক্তরাষ্ট্রের বাধার মধ্যেই ইরান ও ওমান তিন সপ্তাহ ধরে এ ইস্যুতে আলোচনা করেছে। সেই আলোচনার ফলাফল এ চুক্তি।

তিনি বলেন, মার্কিন বাধা সত্ত্বেও গত তিন সপ্তাহে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং জাহাজ চলাচলের পথের মানচিত্র নিয়ে একটি চুক্তি হয়েছে, 

উল্লেখ্য, শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কে এক অনুষ্ঠানে বলেছিলেন, ইরানকে যুদ্ধে পরাজিত করার পর আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন তিনি। ট্রাম্প বলেছিলেন, “যুদ্ধে ইরানকে পরাজিত করার পর, বলা ভালো খুব খারাপভাবে পরাজিত করার পর, শিগগিরই আমি হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করব।”

তিনি এই বক্তব্য দেওয়ার ২৪ ঘণ্টার মাথায় ওমানের সঙ্গে  হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচল বিষয়ক চুক্তি স্বাক্ষরের তথ্য নিশ্চিত করলেন ইসমাইল বাঘায়েই।


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি