গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের
প্রকাশিত : ২২:০৭, ৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:০৯, ৪ সেপ্টেম্বর ২০২৬
ইসরায়েলের সঙ্গে মতপার্থক্যের বিরল এক প্রকাশ্য ঘটনায় গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার বিষয়ে দেশটির শীর্ষ কর্মকর্তাদের আহ্বান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।
গাজা সংকটের সমাধানে অঞ্চলটিকে জনশূন্য করার যে আহ্বান ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছিলেন, সে বিষয়ে প্রশ্ন করা হলে মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার প্রতি ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। গত বছর এই পরিকল্পনার মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল।
শুক্রবার আল-জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, ট্রাম্পের পরিকল্পনার ১২ নম্বর পয়েন্টে স্পষ্টভাবে বলা হয়েছে, কাউকে গাজা ছাড়তে বাধ্য করা হবে না। যারা চলে যেতে চান, তাঁরা স্বাধীনভাবে চলে যেতে এবং পরে ফিরে আসতে পারবেন। গাজার বাসিন্দাদের সেখানে থাকার জন্য উৎসাহিত করা এবং উন্নত গাজা গড়ে তোলার সুযোগ দেওয়ার কথাও ওই পরিকল্পনায় রয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই মুখপাত্র আরও বলেন, গাজার বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা, বহিষ্কার করা বা বাধ্যতামূলকভাবে অন্যত্র সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা বা প্রস্তাবকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না।
এর আগে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছিলেন, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার বিষয়ে ট্রাম্পের সমর্থন কেবল স্থগিত করা হয়েছে, বাতিল করা হয়নি। মানবাধিকারকর্মীরা বলছেন, এমন কোনো পরিকল্পনা বাস্তবায়িত হলে তা জাতিগত নিধনের শামিল হতে পারে।
বুধবার কাটজ বলেন, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়া ছাড়া এই সমস্যার কোনো প্রকৃত সমাধান নেই।
ইসরায়েলি কর্মকর্তারা গাজাকে জনশূন্য করার পরিকল্পনা বোঝাতে ‘স্থানান্তর’ শব্দটি ব্যবহার করে আসছেন। কাটজ জানান, ইসরায়েলি সরকার সমুদ্রপথে, আকাশপথে এবং যেকোনো উপায়ে ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে নিতে প্রস্তুত। এ বিষয়ে আলোচনা সবসময়ই চলছে বলেও জানান তিনি।
তবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রসহ বিভিন্ন আরব রাষ্ট্র ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে সরিয়ে নেওয়ার যেকোনো উদ্যোগের বিরোধিতা করেছে।
এদিকে হামাসকে নিরস্ত্রীকরণের লক্ষ্যে করা একটি চুক্তিকে স্বাগত জানিয়ে আগস্টে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে যে পোস্ট দিয়েছিলেন, হোয়াইট হাউস আল-জাজিরাকে সেই পোস্টের দিকেই ইঙ্গিত করেছে।
ওই চুক্তির আওতায় গাজা থেকে ইসরায়েলি বাহিনীর ধাপে ধাপে প্রত্যাহার এবং অঞ্চলটিতে প্রায় প্রতিদিন চলা প্রাণঘাতী হামলা বন্ধের কথা ছিল। তবে ইসরায়েল প্রস্তাবটি প্রত্যাখ্যান করে জানিয়েছে, গাজা পুরোপুরি নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত তারা কোনো ছাড় দেবে না।
সত্র: আল জাজিরা
আরও পড়ুন










