সমুদ্রবন্দরে ৩ নম্বর, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
প্রকাশিত : ১২:১৬, ১২ আগস্ট ২০২৬
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে দেশের সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে আবহাওয়ার সতর্কবার্তায় এ সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এক বার্তায় জানিয়েছেন, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় আবহাওয়া কিছুটা বৈরী থাকতে পারে। এ সময় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে, অভ্যন্তরীন নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে ওইসব অঞ্চলের নৌবন্দরে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত এক বার্তায় বলা হয় আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এএইচ
আরও পড়ুন










