রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেনটি যে ৬ সংসদ সদস্য
প্রকাশিত : ১৯:৫৮, ২০ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:৪৬, ২০ আগস্ট ২০২৬
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন। ছয় জন সংসদ সদস্য ভোট দেননি।
বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এর পরপরই ভোট গণনা শুরু হয় বিকাল ৫টা ২ মিনিটে।
গণনা প্রক্রিয়া শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন।
তিনি জানান, মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট এবং আর কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরতি ছিলেন ৬ জন সংসদ সদস্য। তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, বিএনপির মির্জা আব্বাস, মোস্তফা কামাল পাশা, ওসমান ফারুক, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম।
তাদের মধ্যে বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস এবং মোস্তফা কামাল পাশা স্পিকারের কাছে চিঠি দিয়ে অসুস্থতার কারণে ভোটে অংশ না নেওয়ার কথা জানিয়েছেন।
এছাড়া দলটির আরেক সংসদ সদস্য ওসমান ফারুক চিকিৎসার কারণে দেশের বাইরে থাকায় ভোটে অংশ নিতে পারেননি।
এদিকে, নৈতিক স্খলনজনিত কারণে দল থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ভোট দেননি।
দেশের বাইরে অবস্থান করায় খেলাফত মজলিসের সংসদ সদস্য আবুল হাসান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেননি।
উল্লেখ্য, আদালতের আদেশের কারণে চট্টগ্রাম–৬ আসনের ফল প্রকাশ স্থগিত রয়েছে। ফলে বর্তমান সংসদে সংরক্ষিত নারীসহ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। এর মধ্যে বিএনপির মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। অন্যদিকে জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
এএইচ
আরও পড়ুন










