ঢাকা, মঙ্গলবার   ২৫ আগস্ট ২০২৬

শেখ হাসিনার বিষয়ে ভারত হয়তো রাজনৈতিক দায় নিতে চাইছে না: তথ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৭, ২৫ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:২০, ২৫ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ভারত সরকার সরাসরি রাজনৈতিক দায় নিতে চাইছে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শেখ হাসিনার বিষয়টি হয়তো ভারতের সরকার রাজনৈতিকভাবে নিতে চাইছে না। সে কারণেই বিষয়টি দেশটির বিচার বিভাগের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে বলে মনে করছেন তিনি।

তথ্যমন্ত্রীর বলেছেন, ভারতের এমন অবস্থান শেখ হাসিনার জন্য খুব একটা স্বস্তিদায়ক নয়। বাংলাদেশ শেখ হাসিনাসহ যেসব ব্যক্তির বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের প্রত্যেককে দেশে ফিরিয়ে আনার প্রত্যাশা করছে বলেও জানান তিনি।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, গণতন্ত্রের চর্চার জন্য ভিন্নমত ও সমালোচনা সহ্য করার মানসিকতা থাকা জরুরি। তাঁর দাবি, গত ১৭ বছরে সমালোচনা গ্রহণ করার মতো পরিবেশ বা মানসিকতা দেখা যায়নি।

তিনি বলেন, বর্তমান সরকারও দায়িত্ব নেওয়ার পর কাউকে দমন, আটকে রাখা বা মতপ্রকাশে বাধা দেওয়ার নীতিতে বিশ্বাস করে না। দেশের অত্যন্ত কঠিন একটি সময়ে সরকার দায়িত্ব পালন করছে এবং দীর্ঘদিনের নানা সমস্যার কারণে রাষ্ট্রের বিভিন্ন ব্যবস্থায় যে দুর্বলতা তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে সবার সহযোগিতা প্রয়োজন।

মন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে সিস্টেমের বিভিন্ন স্তরে দুর্নীতির প্রভাব তৈরি হয়েছে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে সরকারকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বাংলাদেশের সামাজিক সম্প্রীতির প্রসঙ্গ তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ধর্ম ও বর্ণের পার্থক্য থাকলেও দেশের মানুষ ঐতিহাসিকভাবে একে অন্যের পাশে দাঁড়ানোর মানসিকতা ধারণ করে।

তবে কিছু ব্যক্তি কোনো কোনো বিষয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখান বলেও মন্তব্য করেন তিনি। এ ধরনের পরিস্থিতিতে আইন তার নিজস্ব নিয়মে চলবে এবং সরকার বিষয়টি যথাযথভাবে পর্যবেক্ষণ করবে বলে জানান তিনি।

সাংস্কৃতিক কর্মকাণ্ডে সরকারের হস্তক্ষেপ বা বাধা দেওয়ার কোনো মানসিকতা নেই বলেও স্পষ্ট করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি