আচরণবিধি চূড়ান্ত, এ মাসেই ইউপি নির্বাচনের তফসিল
প্রকাশিত : ১৫:৫৪, ৬ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনের জন্য আচরণবিধি চূড়ান্ত হয়েছে। এ মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে বলে জানিয়েছেন ইসি কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
রোববার (০৬ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নিজ কার্যালয়ের সাংবাদিকদের এসব কথা বলেন কমিশনার।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, নভেম্বর ও ডিসেম্বর মাস দুটো শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্র হবে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষকরা হবেন ভোট গ্রহণকারী কর্মকর্তা। তাই পরীক্ষার সময় বাদ দিয়ে আগে বা পরে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।
তিনি বলেন, ইউপি নির্বাচন একসাথে সব করা কঠিন। তবে ব্যয় সংকোচন নীতির বিষয়টি মাথায় থাকবে। একসাথে সব ইউপি নির্বাচন হবে না। ধাপে ধাপে হবে।
তিনি আরও জানান, ভোটার স্থানান্তর একটি রুটিন ওয়ার্ক। অনেকে মনে করেন এ কাজটি বিশেষ উদ্দেশ্য নিয়ে করা হয়, আসলে তা নয়। এজন্য আমরা নির্দিষ্ট সময়সীমা দিয়েছি।
এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশ নেয়ার জন্য দাবি জানায় জামায়াত। কিন্তু ইসির পর্যবেক্ষণ হলো শিক্ষকদের এমন রাজনৈতিক সংশ্লিষ্টতা শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ বজায়ের অন্তরায়। শিক্ষকদের নিরপেক্ষতা লঙ্ঘিত হবে।
পোস্টাল ব্যালট ভোটিংকে সাধারণ মানুষের কাছে আরও জনবান্ধব ও কার্যকর করে তোলাই ইসির মূল উদ্দেশ্য বলে জানান তিনি।
আনোয়ারুল ইসলাম সরকার বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সব কেন্দ্রে সিসি ক্যামেরা রাখার ব্যবস্থা করা হবে। বডি ওর্ন ক্যামেরার সংখ্যা বাড়ানো হবে। ড্রোন ব্যবহার হবে। ভোটকেন্দ্রের অবকাঠামোগত সমস্যা সমাধানে কাজ চলছে। আইনশৃঙ্খলা বাহিনীকেও রাখার পরিকল্পনা আছে ইসির।
এএইচ
আরও পড়ুন










