ঢাকা, শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬

 ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪২, ১ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

ফিফা আসিয়ান কাপে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের বিশাল ব্যবধানে হেরে টুর্নামেন্ট শেষ করলো বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হেরে আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া হামজা চৌধুরীদের জন্য এই ম্যাচটি ছিল স্রেফ আনুষ্ঠানিকতার। তবে রক্ষণভাগের চরম ব্যর্থতায় বড় পরাজয়ের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজ দলকে।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে চেপে ধরে ইন্দোনেশিয়া। ম্যাচের বিবরণী নিচে তুলে ধরা হলো:

ওলে রোমেনির পাস থেকে মিচেল বাকের গোল করে ইন্দোনেশিয়াকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। বাংলাদেশের ডিফেন্ডার ও গোলরক্ষকের বাধা পেরিয়ে মিচেল বাকের নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ওলে রোমেনির ক্রস থেকে ইন্দোনেশিয়ার রিজকি রিধো ডান পায়ের গড়ানো শটে দলের পক্ষে তৃতীয় গোলটি (৩-০) করেন। শুকি ইতোফুসার ক্রস থেকে দুর্দান্ত এক হেডে গোল করে বাংলাদেশের হয়ে ব্যবধান ৩-১ করেন শাহরিয়ার ইমন।

ইমনের গোলের পরের মিনিটেই মিচেল বাকের নিজের হ্যাটট্রিক পূর্ণ করে ইন্দোনেশিয়াকে ৪-১ ব্যবধানে এগিয়ে দেন। জাস্টিস হাবনারের পাস থেকে মিচেল বাকের ম্যাচে নিজের চতুর্থ গোলটি করলে স্কোরলাইন দাঁড়ায় ৫-১। কালভিনের কর্নার কিক থেকে হেডের সাহায্যে জাস্টিন হাবনার গোল করলে ৬-১ ব্যবধানে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেও একই ধারাবাহিকতায় আরও ৩টি গোল হজম করে বাংলাদেশ। বিপরীতে সান্ত্বনাসূচক আরও একটি গোল করতে সমর্থ হয় লাল-সবুজ জার্সিধারীরা। শেষ পর্যন্ত ৯-২ গোলের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে হামজা চৌধুরীর দল।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি