ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬

ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫৯, ২৩ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১২:০১, ২৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় মাদক বিক্রেতাদের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে সেলিম হোসেন (৩৬) নামে একজনের মৃত্যু হয়েছে। নিজেদের মধ্যে গোলাগুলিতে তার মৃত্যু হয়েছে বলে দাবি পুলিশের। ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বলুহর ইউনিয়নের ডাকাতিয়া নামক স্থানে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। নিহত সেলিম হোসেন একই উপজেলার কাশিমপুর গ্রামের নুর ইসলামের ছেলে বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, ২ রাউন্ড গুলি, ৪০ বোতল ফেনসিডিল, ৩০০ পিস ইয়াবা এবং ১টি প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের ডাকাতিয়া নামক স্থানে রাত দেড়টার দিকে দুইদল মাদক বিক্রেতাদের মধ্যে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এ সময় সেলিম নামের এক মাদক বিক্রেতা নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি