ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মে ২০২৬

দেশের ৩২ সিনেমা হলে মুক্তি পেল ‘মালিক’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৯, ২৮ মে ২০২৬

Ekushey Television Ltd.

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে দেশের প্রেক্ষাগৃহে যুক্ত হয়েছে নতুন সিনেমার আমেজ। সেই আয়োজনে ঈদের দিন দেশজুড়ে ৩২টি সিনেমা হলে মুক্তি পেয়েছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত অ্যাকশনধর্মী সিনেমা মালিক।

ট্রেলার ও আইটেম সং প্রকাশের পর থেকেই দর্শকমহলে সিনেমাটি নিয়ে তৈরি হয় ব্যাপক আলোচনা ও উন্মাদনা।

এই ঈদে হাফ ডজন সিনেমার ভিড়ে থাকা ‘মালিক’ সিনেমা মুক্তির প্রথম দিনেই দেশের প্রেক্ষাগৃহে নিজের শক্ত অবস্থান জানান দিয়েছে। ছবিটির অফিশিয়াল হল তালিকা থেকে জানা গেছে, মুক্তির প্রথম দিনে দেশের মোট ৩২টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হচ্ছে ‘মালিক’।

রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে একযোগে ৩২টি সিনেমা হলে চলছে ‘মালিক’। ঢাকার আধুনিক মাল্টিপ্লেক্সগুলোর মধ্যে এটি মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি (পান্থপথ), সীমান্ত সম্ভার (ধানমন্ডি) ও সনি স্কয়ার (মিরপুর) শাখায়। এছাড়া যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস এবং কেরাগঞ্জের লায়ন সিনেমাসেও প্রদর্শিত হচ্ছে ছবিটি। 

ঢাকার বাইরে চট্টগ্রামের বালি আর্কেড ও নারায়ণগঞ্জের স্টার সিনেপ্লেক্স শাখা, কুমিল্লার কে স্ক্রিন সিনেপ্লেক্স এবং সিলেটের বিজিবি অডিটোরিয়ামেও মুক্তি পেয়েছে এটি।

মাল্টিপ্লেক্সের পাশাপাশি বগুড়ার সোনিয়া ও ক্লিওপেট্রা, রাজবাড়ীর সাধনা সিনেমা, ভৈরব ও পটুয়াখালীর মতো দেশের বিভিন্ন প্রান্তের জেলা ও উপজেলার ঐতিহ্যবাহী সিংগেল স্ক্রিনগুলোতে মুক্তি দেওয়া হয়েছে সিনেমাটি।

সাইফ চন্দন পরিচালিত এই সিনেমায় মূলত ফুটিয়ে তোলা হয়েছে এক জেদি মানুষের গল্প। যে অধিকার আদায়ের লড়াইয়ে নেমে একপর্যায়ে ধীরে ধীরে অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতাধর ব্যক্তি হয়ে ওঠে। তবে ‘মালিক’ একটি পুরোদস্তুর অ্যাকশন ঘরানার সিনেমা হলেও এতে রয়েছে গভীর আবেগ, পারিবারিক সম্পর্ক আর দারুণ একটি গল্প।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি